আন্তর্জাতিক ডেক্স:-
জাতিসংঘের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তারের সুফল যেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে, সে লক্ষ্যে কার্যকর নীতিমালা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। প্রযুক্তির অগ্রগতি দ্রুত হলেও এর সুবিধা এখনো সব মানুষের কাছে সমানভাবে পৌঁছেনি। এ কারণে প্রযুক্তির সুযোগ সবার জন্য আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও বাড়তে থাকা ডিজিটাল সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান সময়ের ডিজিটাল বৈষম্য যেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রেও নতুন বৈষম্য তৈরি না করে। উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সুফল থেকে কোনো দেশকে পিছিয়ে রাখা উচিত নয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সবার জন্য ন্যায়সংগত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে।
এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এসব প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণের সময় এসেছে।
সূত্র : BSS + 4
দেশ বাংলা টিভি ডেক্স